Showing posts with label Gita-Meditate. Show all posts
Showing posts with label Gita-Meditate. Show all posts

Tuesday, March 10, 2015

গীতার ধ্যান (Jagadishchandra)


(গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষ)*

হে জননি ভগবদ্গীতে, মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক গ্রথিত স্বয়ং ভগবান্‌ নারায়ণ-কর্তৃক পার্থকে উপলক্ষ্য করিয়া সম্যক্‌রূপে বিজ্ঞাপিত পুনর্জন্মনাশকারিণী অদ্বৈতামৃতবর্ষিণী অষ্টাদশাধ্যায়রূপিণী ভগবতী, তোমাকে আমি মনে মনে চিন্তা করিতেছি । ১

হে বিকশিত পদ্মপত্রের ন্যয় চক্ষুবিশিষ্ট মহাবুদ্ধি ব্যাসদেব, তোমায় নমস্কার । তোমাকর্তৃক মহাভারতরূপ তৈলদ্বারা পরিপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত হইয়াছে । ২

শরণাগতের পক্ষে পারিজাত বা কল্পবৃক্ষ তুল্য তাড়নার নিমিত্ত বেত্রদণ্ডধৃতহস্ত অপিচ জ্ঞানমুদ্রাবিশিষ্ট-হস্ত (অর্জুনকে উপদেশ দিবার নিমিত্ত তর্জনী ও অঙ্গুষ্ঠাঙ্গুলি মিলিত করিয়া যে মুদ্রা তাহা জ্ঞানমুদ্রা), গীতারূপ অমৃত দোহনকারী শ্রীকৃষ্ণকে নমস্কার । ৩

সমস্ত উপনিষৎ গাভীস্বরূপ, গোপালনন্দন দোহনকর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিত ব্যক্তি পানকর্তা, গীতার অমৃতস্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধসদৃশ । ৪

বসুদেবের পুত্র, কংস ও চাণুর দৈত্যের বিনাশক, দেবকীর পরম আনন্দপ্রদ, জগদ্‌গুরু দীপ্তিমান্‌ শ্রীকৃষ্ণকে বন্দনা করি । ৫

ভিষ্ম ও দ্রোণ যে যুদ্ধরূপ নদের তট, জয়দ্রথ যার জল, গান্ধারীর পুত্রগণ যাতে নীলোৎপল, শল্য যাতে কুম্ভীর, কৃপাচার্য যাতে প্রবাহস্বরূপ, কর্ণ যার বেলাভূমি, অশ্বত্থামা ও বিকর্ণ যাতে ঘোর মকরসদৃশ, দুর্যোধন যার আবর্ত, সেই রণনদী, (সতি) কেশব কর্ণধার (হওয়াতে) নিশ্চিতরূপে পাণ্ডবেরা উত্তীর্ণ হইয়াছে । ৬

অমল কলিকলুষনাশক গীতার উপদেশরূপ সুগন্ধযুক্ত নানা আখ্যানরূপ কেশরবিশিষ্ট শ্রীকৃষ্ণের বাণীদ্বারা প্রবোধিত জগতে সর্বদা সজ্জনরূপ ভ্রমরগণ কর্তৃক সানন্দে পুনঃ পুনঃ পীয়মান পরাশরনন্দন বেদব্যাসের বাক্য-সরোবরে জাত মহাভারতরূপ পদ্ম আমাদের কল্যাণের নিমিত্ত হোক । ৭

যাঁহার কৃপা মূককে বাচাল করে, পঙ্গুকে পর্বত অতিক্রম করায়, সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি । ৮

ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও বায়ু, সামবেদগায়কগণ, অঙ্গ, পদক্রম ও উপনিষদের সহিত বেদদ্বারা যোগিগণ ধ্যানাবস্থিত তদ্গত চিত্তে যাঁহাকে দর্শন করেন, দেবতা ও অসুরগণ যাহার শেষ জানেন না, সেই দেবতাকে নমস্কার । ৯
___________________________
*Hard Copy Source:

"Sri Gita" or "Srimadbhagabadgeeta" by Gitashastri Jagadish Chandra Ghosh & Anil Chandra Ghosh. 26th Edition - June 1997 (1st Edition, 1925 from Dhaka now in Bangladesh). Published by Subhadra Dey (Ghosh), Presidency Library, 15 Bankim Chatterjee Street, Kolkata-700073. Printed by Web Impressions Pvt.Ltd., 34/2 Beadon Street, Kolkata-700006.



Disclaimer: This site is not officially related to Presidency LibraryKolkataThis is a personal, non-commercial, research-oriented effort of a novice religious wanderer.
এটি আধ্যাত্মিক পথের এক অর্বাচীন পথিকের ব্যক্তিগত, অবাণিজ্যিক, গবেষণা-ধর্মী প্রয়াস মাত্র ।

[Digitised by scanning (if required) and then by typing mostly in Notepad using Unicode Bengali "Siyam Rupali" font and Avro Phonetic Keyboard for transliteration. Uploaded by rk]


<Previous--Contents--Next>

Thursday, September 4, 2014

গীতার ধ্যান

(স্বামী জগদীশ্বরানন্দ)*

হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান্‌ শ্রীকৃষ্ণকর্তৃক অর্জুনকে কথিতা, প্রাচীন মহর্ষি ব্যাসদেবকর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্মপর্বে [২৫ হইতে ৪২ পর্যন্ত আঠার অধ্যায়ে] গ্রথিতা, অষ্টাদশ-অধ্যায়রূপিণী, অদ্বৈততত্ত্বরূপ-অমৃতবর্ষিণী ও সংসারনাশিনী ভগবতী, আমি আপনার ধ্যান করি । ১

হে মহামতি ব্যাসদেব, আপনার নয়নযুগল প্রস্ফুটিত-পদ্মপত্রসদৃশ বিশাল, আপনি মহাভারতরূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করিয়াছেন, আপনাকে প্রণাম করি । ২

শরণাগতের কল্পবৃক্ষতুল্য, আশ্বচালনহেতু এক হস্তে চাবুক ও লাগামধারী, গীতারূপ অমৃতদোহনকারী ও জ্ঞানমুদ্রা-যুক্ত ভগবান্‌ শ্রীকৃষ্ণকে প্রণাম করি । ৩

উপনিষদাবলী গাভীসমূহ, সেই-সকল গাভীর দোগ্ধা শ্রীকৃষ্ণ, বৎস অর্জুন, মহাদুগ্ধ অমৃতময়ী গীতা এবং বিবেকিগণই এই দুগ্ধের পানকর্তা । ৪

কংস ও চানূর নামক দৈত্যদ্বয়-বিনাশী, জননী দেবকীর পরমানন্দদায়ক, বসুদেবপুত্র জগদ্‌গুরু ভগবান্‌ শ্রীকৃষ্ণকে বন্দনা করি । ৫

কুরুক্ষেত্রযুদ্ধরূপ যে নদীতে ভীষ্মদ্রোণরূপ তীরদ্বয়, জয়দ্রথরূপ জল, গান্ধাররাজরূপ (পিচ্ছিল) নীল প্রস্তর, শল্যরূপ কুম্ভীর, কৃপরূপ খরস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধনরূপ আবর্ত ছিল, ভগবান্‌ শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিতরূপে উত্তীর্ণ হইয়াছিলেন । ৬

পরাশরপুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবরজাত, হরিকথা-প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত, নানা আখ্যানরূপ কেশরযুক্ত, যে পদ্মের মধু এই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন, কলিকলুষনাশক, গীতারূপ তীব্রসুগন্ধযুক্ত অমল মহাভারতরূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হউক । ৭

যাঁহার কৃপায় বাক্‌শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দস্বরূপ মাধবকে বন্দনা করি । ৮

ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও মরুৎগণ দিব্য স্তব দ্বারা যাঁহার স্তব করেন, সামগায়কগণ অঙ্গ, পদক্রম ও উপনিষৎ সহিত বেদ দ্বারা যাঁহার মহিমা গান করেন, যোগিগণ ধ্যানে তদ্গতচিত্ত হইয়া যাঁহাকে দর্শন করেন এবং দেবাসুরগণও যাঁহার চরম তত্ত্ব অবগত নহেন, সেই পরম দেবতাকে প্রণাম করি । ৯

শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলধ্যান সমাপ্ত ।
_________________________________________

*Hard Copy Source:
"Srimadbhagabadgeeta" translated by Swami Jagadeeshwarananda, edited by Swami Jagadananda. 27th Reprint - January, 1997 (1st Edition - 1941), © President, Sriramkrishna Math, Belur. Published by Swami Satyabrotananda, Udbodhan Office, 1 Udbodhan Lane, Bagbazar, Kolkata-700003. Printed by Rama Art Press, 6/30 Dum Dum Road, Kolkata-700030.

Sanskrit Source
English Translation

Reference :
http://twiki.org/p/pub/Main/MadhusudhanKaloorayarLeftBar/BhagavadGita-mahatmya.pdf

Disclaimer:
This site is not officially related to Ramakrishna Mission & MathThis is a personal, non-commercial, research-oriented effort of a novice religious wanderer.
এটি আধ্যাত্মিক পথের এক অর্বাচীন পথিকের ব্যক্তিগত, অবাণিজ্যিক, গবেষণা-ধর্মী প্রয়াস মাত্র ।

[Digitised by scanning (if required) and then by typing mostly in Notepad using Unicode Bengali "Siyam Rupali" font and Avro Phonetic Keyboard for transliteration. Uploaded by rk]


<Previous--Contents--Next>