Showing posts with label Gita-09. Show all posts
Showing posts with label Gita-09. Show all posts

Thursday, March 12, 2015

শ্রীমদ্ভগবদ্গীতা : নবম অধ্যায় - রাজবিদ্যা-রাজগুহ্য-যোগ (9-Jagadishchandra)


||||||||৯|১০|১১|১২|১৩|১৪|১৫|১৬|১৭|১৮
(গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষ)*

শ্রীভগবান্‌ কহিলেন -
তুমি অসূয়াশূন্য, দোষদর্শী নও । তোমাকে এই অতি গুহ্য বিজ্ঞানসহিত ঈশ্বরবিষয়ক জ্ঞান কহিতেছি, ইহা জ্ঞাত হইলে তুমি সংসারদুঃখ হইতে মুক্ত হইবে । ১

ইহা রাজবিদ্যা, রাজগুহ্য অর্থাৎ সকল বিদ্যা ও গুহ্য বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ; ইহা সর্বোৎকৃষ্ট, পবিত্র, সর্বধর্মের ফলস্বরূপ, প্রত্যক্ষ বোধগম্য, সুখসাধ্য এবং অক্ষয় ফলপ্রদ । ২

হে পরন্তপ, এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে পায় না; তাহারা মৃত্যুময় সংসার-পথে পরিভ্রমণ করিয়া থাকে । ৩

আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ ব্যাপিয়া আছি । সমস্ত ভূত আমাতে অবস্থিত, আমি কিন্তু তৎসমুদয়ে অবস্থিত নহি । ৪

তুমি আমার ঐশ্বরিক যোগদর্শন কর । এই ভূতসকলও আমাতে স্থিতি করিতেছে না; আমি ভূতধারক ও ভূতপালক, কিন্তু ভূতগণে অবস্থিত নহি । ৫

যেমন সর্বত্র গমনশীল মহান্‌ বায়ু আকাশে অবস্থিত, সেইরূপ সমস্ত ভূত আমাতে অবস্থিত ইহা জানিও । ৬

হে কৌন্তেয়, কল্পের শেষে (প্রলয়ে) সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে আসিয়া বিলীন হয় এবং কল্পের আরম্ভে ঐ সকল পুনরায় আমি সৃষ্টি করি । ৭

আমি স্বীয় প্রকৃতিকে আত্মবশে রাখিয়া স্বীয় স্বীয় প্রাক্তন-কর্ম নিমিত্ত স্বভাববশে জন্মমৃত্যুপরবশ ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্ট করি । ৮

হে ধনঞ্জয়, আমাকে কিন্তু সেই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না । কারণ, আমি সেই সকল কর্মে অনাসক্ত, উদাসীনবৎ অবস্থিত । ৯

হে কৌন্তেয়, আমার অধিষ্ঠানবশতঃই প্রকৃতি এই চরাচর জগৎ প্রসব করে, এই হেতুই জগৎ (নানারূপে) বারংবার উৎপন্ন হইয়া থাকে । ১০

অবিবেকী ব্যক্তিগণ সর্বভূত-মহেশ্বর-স্বরূপ আমার পরম ভাবনা জানিয়া মনুষ্য-দেহধারী বলিয়া আমার অবজ্ঞা করিয়া থাকে । ১১

এই সকল বিবেকহীন ব্যক্তি, বুদ্ধিভ্রংশকারী তামসী ও রাজসী প্রকৃতির বশে, আমাকে অবজ্ঞা করিয়া থাকে । উহাদের আশা ব্যর্থ, কর্ম নিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত । ১২

কিন্তু হে পার্থ, সাত্ত্বিকী প্রকৃতি-প্রাপ্ত মহাত্মগণ অনন্যচিত্ত হইয়া আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয়স্বরূপ জানিয়া ভজনা করেন । ১৩

তাঁহারা যত্নশীল ও দৃঢ়ব্রত হইয়া ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করিয়া নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন । ১৪

কেহ জ্ঞানরূপ যজ্ঞদ্বারা আমার আরাধনা করেন । কেহ কেহ অভেদ ভাবে (অর্থাৎ উপাস্য-উপাসকের অভেদ/একত্ব চিন্তাদ্বারা), কেহ কেহ পৃথক্‌ ভাবে অর্থাৎ (দাস্যাদি ভাবে), কেহ কেহ সর্বময়, সর্বাত্মা আমাকে নানা ভাবে (অর্থাৎ ব্রহ্মা, রুদ্রাদি নানা দেবতারূপে) উপাসনা করেন । ১৫

আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি স্বধা, আমি ঔষধ, আমি মন্ত্র, আমিই হোমাদি-সাধন ঘৃত, আমি অগ্নি, আমিই হোম ।  ১৬

আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ; যাহা কিছু জ্ঞেয় এবং পবিত্র বস্তু তাহা আমিই । আমি ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋক্‌, সাম ও যজুর্বেদ স্বরূপ । ১৭

আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি শুভাশুভ দ্রষ্টা, আমি স্থিতি-স্থান, আমি রক্ষক, আমি সুহৃৎ, আমি স্রষ্টা, আমি সংহর্তা, আমি আধার, আমি লয়স্থান এবং আমিই অবিনাশী বীজস্বরূপ । ১৮

হে অর্জুন, আমি (আদিত্যরূপে) উত্তাপ দান করি, আমি ভূমি হইতে জল আকর্ষণ করি, আমি পুনর্বার জল বর্ষণ করি; আমি জীবের জীবন, আমিই জীবের মৃত্যু; আমি সৎ (অবিনাশী অব্যক্ত আত্মা), আমিই অসৎ (নশ্বর ব্যক্ত জগৎ) । ১৯

ত্রিবেদোক্ত যজ্ঞাদিকর্মপরায়ণ ব্যক্তিগণ যজ্ঞাদি দ্বারা আমার পূজা করিয়া যজ্ঞশেষে সোমরস পানে নিষ্পাপ হন এবং স্বর্গলাভ কামনা করেন, তাঁহারা পবিত্র স্বর্গলোক প্রাপ্ত হইয়া দিব্য দেবভোগসমূহ ভোগ করিয়া থাকেন । ২০

তাঁহারা তাঁহাদের প্রার্থিত বিপুল স্বর্গসুখ উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে পুনরায় মর্ত্যলোকে প্রবেশ করেন । এইরূপে কামনাভোগ-পরবশ এই ব্যক্তিগণ যাগযজ্ঞাদি বেদোক্ত ধর্ম অনুষ্ঠান করিয়া পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করিয়া থাকেন । ২১

অনন্যচিত্ত হইয়া আমার চিন্তা করিতে করিতে যে ভক্তগণ আমার উপাসনা করেন, আমাতে নিত্যুযুক্ত সেই সমস্ত ভক্তের যোগ ও ক্ষেম আমি বহন করিয়া থাকি (অর্থাৎ তাহাদের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর রক্ষণ আমি করিয়া থাকি) । ২২

হে কৌন্তেয়, যাহারা অন্য দেবতায় ভক্তিমান্‌ হইয়া শ্রদ্ধাযুক্তচিত্তে তাঁহাদের পূজা করে তাহারাও আমাকেই পূজা করে, কিন্তু অবিধিপূর্বক (অর্থাৎ যাহাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বরপ্রাপ্তি ঘটে তাহা না করিয়া) । ২৩

আমিই সর্ব যজ্ঞের ভোক্তা ও ফলদাতা । কিন্তু তাহারা আমাকে যথার্থরূপে জানে না বলিয়া সংসারে পতিত হয় । ২৪

ইন্দ্রাদি দেবগণের পূজকেরা দেবলোক প্রাপ্ত হন, শ্রাদ্ধাদি দ্বারা যাঁহারা পিতৃগণের পূজা করেন তাঁহারা পিতৃলোক প্রাপ্ত হন, যাঁহারা যক্ষ-রক্ষাদি ভূতগণের পূজা করেন তাঁহারা ভূতলোক প্রাপ্ত হন, এবং যাঁহারা আমাকে পূজা করেন তাঁহারা আমাকেই প্রাপ্ত হন । ২৫

যিনি আমাকে পত্র, পুস্প, ফল, জল, যাহা কিছু ভক্তিপূর্বক দান করেন, আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি । ২৬

হে কৌন্তেয়, তুমি যাহা কিছু কর, যাহা কিছু ভোজন কর, যাহা কিছু হোম কর, যাহা কিছু দান কর, যাহা কিছু তপস্যা কর, তৎ সমস্তই আমাকে অর্পণ করিও । ২৭

এইরূপ সর্ব কর্ম আমাতে সমর্পণ করিলে শুভাশুভ কর্ম-বন্ধন হইতে মুক্ত হইবে । আমাতে সর্বকর্ম সমর্পণরূপ যোগে যুক্ত হইয়া কর্মবন্ধন হইতে মুক্ত হইয়া আমাকেই প্রাপ্ত হইবে । ২৮

আমি সর্বভূতের পক্ষেই সমান । আমার দ্বেষ নাই, প্রিয়ও নাই । কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন, তাঁহারা আমাতে অবস্থান করেন এবং আমিও সে সকল ভক্তেই অবস্থান করি । ২৯

অতি দুরাচার ব্যক্তি যদি অনন্যচিত্ত (অনন্য ভজনশীল) হইয়া আমার ভজনা করে, তাহাকে সাধু বলিয়া মন করিবে । যেহেতু তাহার অধ্যবসায় উত্তম । ৩০

ঈদৃশ দুরাচার ব্যক্তি শীঘ্র ধর্মাত্মা হয় এবং নিত্য শান্তি লাভ করে; হে কৌন্তেয়, তুমি সর্বসমক্ষে নিশ্চিত প্রতিজ্ঞা করিয়া বলিতে পার যে, আমার ভক্ত কখনই বিনষ্ট হয় না । ৩১

হে পার্থ, স্ত্রীলোক, বৈশ্য ও শূদ্র, অথবা যাহারা পাপযোনিসম্ভূত অন্ত্যজ জাতি তাহারাও আমার আশ্রয় লইলে নিশ্চয়ই পরমগতি প্রাপ্ত হন । ৩২

পুণ্যশীল ব্রাহ্মণ ও রাজর্ষিগণ যে পরম গতি লাভ করিবেন তাহাতে আর কথা কি আছে ? অতএব তুমি (এই রাজর্ষি-দেহ লাভ করিয়া) আমার আরাধনা কর । কারণ এই মর্ত্যলোক অনিত্য এবং সুখশূন্য । ৩৩

তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত কর, আমাতে ভক্তিমান্‌ হও, আমার পূজা কর, আমাকেই নমস্কার কর । এইরূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকেই প্রাপ্ত হইবে । ৩৪
___________________________


১) শিষ্য শ্রদ্ধাহীন এবং দোষদর্শী হইলে গুরু তাহাকে গুহ্য বিষয় উপদেশ দেন না । কিন্তু অর্জুন সেরূপ নহেন । তিনি গুহ্য বিষয় শ্রবণের অধিকারী, ‘অসূয়াশূন্য’ শব্দে তাহাই প্রকাশ পাইতেছে ।

২) রাজগুহ্য রাজবিদ্যা কি ?
বিদ্যামাত্রই সেকালে গুহ্য থাকিত । কেননা, অধিকারী শিষ্যগণ ব্যতীত অন্য কাহাকেও উহা উপদেশ করা হইত না । এই সকল গুহ্যবিদ্যার মধ্যে গীতোক্ত ভক্তিযোগই শ্রেষ্ঠ, তাই উহাকে রাজগুহ্য বলা হইয়াছে । ব্রহ্মবিদ্যা-সম্বন্ধে এই অধ্যায়ে এমন কিছু বলা হয় নাই, যাহা পূর্বে কথিত হয় নাই এবং যাহাকে গুহ্যতম বলা যাইতে পারে । 'ইহা সুস্পষ্ট যে, অক্ষর অব্যক্ত ব্রহ্মের জ্ঞানকে লক্ষ্য করিয়া এই বর্ণনা করা হয় নাই । কিন্তু রাজবিদ্যা শব্দে এ-স্থলে ভক্তিমার্গই বিবক্ষিত হইয়াছে ।' - [লোকমান্য তিলক]

১২) পাষণ্ডী = ভগবদ্বিমুখ অসুর লোক যেমন কংস, শিশুপাল ।
মোঘাশাঃ : শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য দেবতারা শীঘ্র কামনা পূর্ণ করিবে, যাহারা এইরূপ নিষ্ফল আশা করে ।
মোঘকর্মাণঃ : ঈশ্বর-বিমুখ বলিয়া যাহাদের যাগযজ্ঞাদি কর্ম নিষ্ফল হয় ।
মোঘজ্ঞানাঃ : ভগবদ্ভক্তিহীন বলিয়া যাহাদের শাস্ত্রপাণ্ডিত্যাদি সমস্তই নিষ্ফল হয় ।

১৫) মত-পথ :
পরমেশ্বর বিশ্বতোমুখ, এই হেতুই তাঁহার উপাসনা-প্রণালীও বিভিন্ন হয় । জ্ঞান-যজ্ঞের অর্থ পরমেশ্বরের স্বরূপ-জ্ঞানের দ্বারাই বিচার করিয়া উহার দ্বারা সিদ্ধিলাভ করা । কিন্তু পরমেশ্বরের এই জ্ঞানও দ্বৈত-অদ্বৈত প্রভৃতি ভেদে অনেক প্রকারের হইতে পারে । এই কারণে জ্ঞান-যজ্ঞও বিভিন্ন প্রকারের হইতে পারে । ' 'একত্ব', 'পৃথকত্ব' প্রভৃতি পদের দ্বারা বুঝা যায় যে, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত প্রভৃতি সম্প্রদায় যদিও আধুনিক, তথাপি কল্পনাসকল প্রাচীন ।' - [গীতারহস্য|লোকমান্য তিলক]

১৬) ক্রতু, যজ্ঞ - এই দুইটি সদৃশার্থক হইলেও একার্থক নহে । 'যজ্ঞ' শব্দ 'ক্রতু' শব্দ অপেক্ষা অধিক ব্যাপক । শ্রৌত যজ্ঞকে ক্রতু বলে । এস্থলে দুইটি শব্দই ব্যবহৃত হইয়াছে বলিয়া ক্রতু অর্থে অগ্নিষ্টোমাদি শ্রৌত যজ্ঞ এবং যজ্ঞ অর্থে স্মার্ত যজ্ঞাদি বুঝিতে হবে ।

১৮) বিবিধ কর্ম বা সধনায় যে গতি বা ফল পাওয়া যায় তাহা তিনিই । যে যাহা করুক তাহার শেষ গতি তিনিই । শুভাশুভ যে কোন কর্ম লোকে করে তিনি সবই দেখেন, এই জন্য তিনিই সাক্ষী । সর্বভূত তাঁহাতেই বাস করে, তাই তিনি নিবাস । তিনি প্রভব, প্রলয় ও স্থান অর্থাৎ সৃষ্টি, স্থিতি, লয়কর্তা । প্রলয়েও জীবসমূহ বীজ অবস্থায় তাহাতে অবস্থান করে, এই জন্য তিনি নিধান । প্রত্যুপকারের আশা না করিয়া সকলের উপকার করেন, তাই তিনি সুহৃৎ । তিনি আর্তের আর্তিহর, তাই তিনি শরণ ।

১৯) সৎ ও অসৎ : এই শব্দদ্বয় গীতা এবং বেদান্তাদি-শাস্ত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হইয়াছে ।

  1. সৎ = অক্ষর অবিনাশী অব্যক্ত ব্রহ্মবস্তু; অসৎ = নশ্বর ব্যক্ত জগৎ ।
  2. সৎ = অব্যক্ত প্রকৃতি; অসৎ = ব্যক্ত জগৎ ।
  3. সৎ = অস্তি, আছে; অসৎ = নাস্তি, নাই । যে-বস্তুর সৃষ্টি হয় এবং যাহার নাশ হইয়া থাকে সেই বস্তুই সৎ বা অসৎ । যাহা সৃষ্টির পূর্বেও ছিল এবং পরেও থাকিবে, তৎসম্বন্ধে 'আছে' বা 'নাই' এরূপ কিছুই বলা যায় না । তাই ব্রহ্মতত্ত্বের বর্ণনায় কখনো 'ন সৎ ন অসৎ' বলা হয় । কেননা, সেই অতীন্দ্রিয় ব্রহ্মবস্তু সত-অসৎ, আলোক-অন্ধকার, জ্ঞান-অজ্ঞান ইত্যাদি পরস্পর সতত-সাপেক্ষ দ্বৈত-বুদ্ধির অতীত অর্থাৎ সম্পূর্ণ অজ্ঞেয় ।
  4. প্রাচীন উপনিষদাদিতে অনেক স্থলে বিপরীতার্থে এই শব্দদ্বয় ব্যবহার করা হইয়াছে । অর্থাৎ 'সৎ' = দৃশ্য ব্যক্ত জগৎ; 'তৎ' বা 'অসৎ' = অব্যক্ত ব্রহ্মবস্তু ।
২১) বেদোক্ত যাগযজ্ঞাদির অনুষ্ঠানকারী সকাম ব্যক্তিগণ পুণ্যফল-স্বরূপ স্বর্গলোক প্রাপ্ত হন বটে, কিন্তু মোক্ষ প্রাপ্ত হন না । একথা পূর্বে আরও কয়েক বার বলা হইয়াছে (২|৪২-৪৫, ৮|১৬,২৫ ইত্যাদি) । ২০-২৫ এই কয়েকটা শ্লোকে ফলাশায় দেবোপাসনা ও নিষ্কাম ঈশ্বরোপাসনায় পার্থক্য দেখান হইতেছে ।

২২) যোগক্ষেম : ভক্তের ভগবান, ঈশ্বর-চিন্তা ও বিষয়-চিন্তা
ভগবানের কর্ম দ্বিবিধ - (i)গৌণী ভক্তিযোগ (স্মরণ, কীর্তন, পূজার্চনাদি), (ii)নির্গুণা বা পরা ভক্তি সহকারে গীতার নিষ্কাম কর্মযোগ (সর্বভূতে ঈশ্বর আছেন জানিয়া সর্বভূতের হিতসাধন) ।

কিন্তু দিবারাত্র ঈশ্বরচিন্তা করিব বা সর্বভূতের হিতসাধনে দেশের কাজে, দশের কাজে ব্যস্ত থাকিব, তবে সংসার-চিন্তা, দেহের চিন্তা করিব কখন ? দেহরক্ষা না হইলে ঈশ্বরচিন্তাও হয় না, দশের কাজও হয় না - 'নিজে বাঁচিলে তবে ধর্ম' [বিশ্বামিত্র]; 'আত্মানং সততং রক্ষেৎ' [মনু] । ইহার উত্তরে শ্রীভগবান বলিতেছেন, যাহারা নিত্যযুক্ত হইয়া সতত আমারই চিন্তায়, আমারই কর্মে মগ্ন থাকে, তাহাদের যোগক্ষেম আমিই বহন করি অর্থাৎ দেহাদি-রক্ষণের ভার আমিই গ্রহণ করি । অন্যের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থাও ঈশ্বর করেন; তবে তাহাদিগকে চেষ্টা করিতে হয়, নিত্যযুক্ত (পাটোয়ারী বুদ্ধি-সহকারে নহে) ভগবদ্ভক্তের চেষ্টা করিতে হয় না, এই পার্থক্য । 

২৪) অন্য দেবতার পূজাও তোমারই পূজা । তবে তাহাদিগের পূজা করিলে সদ্গতিলাভ হইবে না কেন ? কারণ, অন্যদেবতা-ভক্তেরা আমার প্রকৃত স্বরূপ জানে না; তাহারা মনে করে সেই সেই দেবতাই ঈশ্বর । এই অজ্ঞানতাবশতঃই তাহাদের সদ্গতি হয় না । তাহারা সংসারে পতিত হয় । কেননা, অন্য দেবতারা মোক্ষ দিতে পারেন না ।

একেশ্বরবাদ - বহুদেবোপাসনা - মূর্তিপূজা
হিন্দু বহুদেবোপাসক হইলেও বহু-ঈশ্বরবাদী নহেন, প্রতিমা-পূজক হইলেও পৌত্তলিক (Idolator) নহেন । বেদে কতিপয় দেবতার উল্লেখ আছে, কিন্তু সে সকলই এক, বহুত্ব কল্পনামাত্র ('একং সন্তং বহুধা কল্পয়ন্তি' ঋগ্বেদ ১০|১১৪|৫) । দেবতাদিগেরও পূর্বে সেই অব্যক্ত হইতে ব্যক্ত জগৎ উৎপন্ন হইয়াছে [ঋ|১০|৭২|২] ।

সুতরাং দেবতাগণ ঈশ্বর নহেন, ঈশ্বরের শক্তিবিশেষের বিভিন্ন প্রকাশ বা বিভূতি । ভয়ে, বিস্ময়ে, ভক্তিতে বা স্বার্থবুদ্ধিতে শক্তিমানের পূজা, বীর-পূজা, সকলেই করে; দেবগণের পূজাও তদ্রূপ, উহাতে অন্যবিধ ইষ্টলাভ হইতে পারে, ঈশ্বরলাভ হয় না ।

হিন্দুরা যে দেবদেবীর মূর্তি পূজা করেন, তাহাকে প্রতিমা (holy image বা প্রতীক symbol) বলে, পুত্তলিকা (Idol) বলে না । নাম-রূপ ব্যতীত মনুষ্যমন সেই অনন্তশক্তিমৎ অব্যক্ত বস্তু ধারণা করিতে পারে না; তাই ঈশ্বরের শক্তি-বিশেষের সহিত সাদৃশ্য কল্পনা করিয়া চিন্তার অবলম্বন-স্বরূপ একটা প্রতীক (symbol) গ্রহণ করা হয় মাত্র । মূর্তির প্রাণ-প্রতিষ্ঠা, স্তব-স্তুতি, ধ্যান-প্রণাম ইত্যাদি মন্ত্রাদির প্রতি লক্ষ্য করিলে স্পষ্টই বুঝা যায়, সাধক প্রতীক-অবলম্বনে ঈশ্বরেরই পূজা করিতেছেন, পুতুল পূজা করিতেছেন না । এইজন্যই প্রতিমা-পূজক ও পৌত্তলিক এক কথা নহে । কিন্তু যাঁহারা প্রকৃতির অতীত হইয়া অতীন্দ্রিয় তত্ত্বজ্ঞান লাভ করিয়াছেন, তাঁহাদিগের প্রতিমারও প্রয়োজন হয় না । বস্তুত তাঁহার প্রতিমা (তুলনা) নাই ।

২৬) আমার পূজা অনায়াস-সাধ্য । ইহাতে বহুব্যয়সাধ্য উপকরণের প্রয়োজন নাই । ভক্তিসহ যাহা কিছু আমার ভক্ত আমাকে দান করেন, দরিদ্র ব্রাহ্মণ শ্রীদামের চিপিটকের ন্যায় তাহাই আমি আগ্রহের সহিত গ্রহণ করি । আমি দ্রব্যের কাঙ্গাল  নহি, ভক্তির কাঙ্গাল । এই কথাটা বুঝাইবার জন্য ‘ভক্তিপূর্বক’ শব্দটা দুইবার ব্যবহৃত হইয়াছে ।

সাকারোপাসনা :
'ফল-পুষ্পাদি প্রদান করিতে হইলে তাহা যে প্রতিমায় অর্পণ করিতে হইবে এমন কথা নাই । ঈশ্বর সর্বত্র আছেন, যেখানে দিবে সেখানেই তিনি পাইবেন ।' - [বঙ্কিমচন্দ্র]

মানববুদ্ধি নাম-রূপের অতীত কোনো অতীন্দ্রিয় বস্তুর ধারণা করিতে পারে না, সুতরাং যে-পর্যন্ত না সাধক প্রকৃতির অতীত হইয়া অতীন্দ্রিয় তত্ত্বজ্ঞান লাভ করেন, সে-পর্যন্ত তাঁহাকে সাকারের মধ্য দিয়া, স্থূলের মধ্য দিয়াই সূক্ষ্মে যাইতে হইবে, অন্য গতি নাই ।

'আপনারা মনকে স্থির করিবার অথবা কোনোরূপ চিন্তা করিবার চেষ্টা করিয়া দেখিবেন - আপনারা মনে-মনে মূর্তি গঠন না করিয়া থাকিতে পারিতেছেন না । দুই প্রকার ব্যক্তির মূর্তি-পূজার প্রয়োজন হয় না । এক নরপশু, যে ধর্মের কোনো ধার ধারে না, আর সিদ্ধপুরুষ - যিনি এই সকল সোপান-পরম্পরা অতিক্রম করিয়াছেন । আমরা যতদিন এই দুই অবস্থার মধ্যে অবস্থিত, ততদিন আমাদের ভিতরে-বাহিরে, কোনো-না-কোনো রূপ আদর্শ বা মূর্তির প্রয়োজন হইয়া থাকে ।' - [স্বামী বিবেকানন্দ, ভক্তি-রহস্য]

২৯) নরসিংহ : পুত্রের (প্রহ্লাদের) প্রীতি ও পিতার (হিরণ্যকশিপুর) বিদ্বেষ মূর্তিমান নরসিংহ-রূপ ধারণ করিল । বিদ্বেষ-সিংহ অভক্তকে বিনাশ করিল, ভক্তবৎসল নরদেব ভক্তকে ক্রোড়ে লইলেন । এই ভক্ত-রক্ষক ও অভক্ত-নাশক রূপ ভক্তের প্রীতি- ও অভক্তের বিদ্বেষ-ভাবেরই প্রতিমূর্তি - উহা ভগবানের বৈষম্য-প্রসূত নহে ।

৩১) ভক্তি-স্পর্শমণি :
অতি পাপাসক্ত ব্যক্তিও যদি নিমেষমাত্র অচ্যুতের ধ্যান করেন, তবে তিনি তপস্বী বলিয়া পরিগণিত হন; তিনি যাঁহাদিগের মধ্যে উপবেশন করেন তাঁহারাও পবিত্র বলিয়া পরিগণিত হন ।

নিমেষমাত্রে অসাধু সাধু হইয়া উঠে, এ-কথা অত্যুক্তি নহে । অন্ধকার গৃহে দীপ জ্বালিলে নিমেষমাত্রেই গৃহ আলোকিত হয়, স্পর্শমণির সংস্পর্শে নিমেষমাত্রেই লৌহখণ্ড সুবর্ণ হয়, ভক্তিস্পর্শেও মানুষ নিমেষমাত্রেই পবিত্র হইয়া যায় । ভক্তির এই পতিতপাবনী শক্তি আছে । কৃষ্ণসেবা, সাধুসঙ্গ, গুরুকৃপায় উহা লাভ হয় । মহাপুরুষগণ এই শক্তি সঞ্চারিত করিতে পারেন ।

তাই দেখি, সেই দরিদ্র ব্রাহ্মণ ধনলোভে বৃন্দাবনে দৌড়িলেন, সনাতন গোশ্বামীর নিকট পার্থিব স্পর্শমণি পাইলেন; কিন্তু উহা লইয়া আর গৃহে ফিরিতে পারিলেন না । গোস্বামীর পাদমূলে লুণ্ঠিত হইয়া সেই অপার্থিব স্পর্শমণি যাচ্ঞা করিলেন - 
'যে ধনে হইয়া ধনী,      মণিরে মান না মণি
                    তাহারই খানিক
মাগি আমি নত শিরে' ।  এত বলি নদীনীরে
                    ফেলিল মাণিক !

প্রায়শ্চিত্ত : জীবের পাপের সীমা নাই । শাস্ত্রেও বিধি-নিষেধের অন্ত নাই । সুতরাং প্রায়শ্চিত্তেরও নানা বিধান । গ্রহ-বিপ্রকে স্বর্ণদান হইতে তুষানলে জীবনদান পর্যন্ত কৃচ্ছ্র, অতিকৃচ্ছ্র, মহাকৃচ্ছ্র ইত্যাদি-রূপ প্রায়শ্চিত্তের অসংখ্য বিধি-ব্যবস্থা । কৃচ্ছ্র-সাধনে চিত্ত-শুদ্ধি হয়, সন্দেহ নাই; কিন্তু আন্তরিক অনুশোচনা ও ভগবদ্ভক্তির সহিত সংযুক্ত না হইলে উহা প্রাণহীন অনুষ্ঠান মাত্রে পর্যবসিত হয় । বরং দেশ-কাল-পাত্র-ভেদে সুব্যবস্থিত না হইলে সামাজিক অত্যাচার বলিয়াই গণ্য হয় ।

৩২) পাপযোনয়ঃ : পাপযোনি-সম্ভূত, নীচকুলজাত (অন্ত্যজ) । এই শব্দটি স্ত্রী-শূদ্রাদির বিশেষণ নয় ।

শাস্ত্রজ্ঞানশূন্য স্ত্রী-শূদ্রাদির পক্ষে জ্ঞানযোগের সাহায্যে মুক্তি লাভ সম্ভবপর নহে । কিন্তু ভক্তিযোগ জাতিবর্ণনির্বিশেষে সকলের পক্ষেই সুখসাধ্য; ভাগবত ধর্মের ইহাই বিশেষত্ব । ইহাতে জাতিভেদ-জনিত অধিকারভেদ নাই ।

৩৪) ঐকান্তিক ধর্ম - ভগবৎ-শরণাগতি :
একান্ত ভাবে ভগবানের শরণ লইয়া নিত্যযুক্ত হইয়া তাঁহার ভজনা করা এবং স্বধর্মরূপে ভৃত্যবৎ তাঁহারই কর্ম সম্পাদন করা ।
___________________________
Online Source: 
http://geetabangla.blogspot.com/2013/06/blog-post.html

*Hard Copy Source:
"Sri Gita" or "Srimadbhagabadgeeta" by Gitashastri Jagadish Chandra Ghosh & Anil Chandra Ghosh. 26th Edition - June 1997 (1st Edition, 1925 from Dhaka now in Bangladesh). Published by Subhadra Dey (Ghosh), Presidency Library, 15 Bankim Chatterjee Street, Kolkata-700073. Printed by Web Impressions Pvt.Ltd., 34/2 Beadon Street, Kolkata-700006.



Disclaimer: This site is not officially related to Presidency LibraryKolkataThis is a personal, non-commercial, research-oriented effort of a novice religious wanderer.
এটি আধ্যাত্মিক পথের এক অর্বাচীন পথিকের ব্যক্তিগত, অবাণিজ্যিক, গবেষণা-ধর্মী প্রয়াস মাত্র ।

[Uploaded by rk]


<Previous--Contents--Next>

Sunday, July 27, 2014

শ্রীমদ্ভগবদ্‌গীতা : নবম অধ্যায় – রাজযোগ (Gita : Chapter 9)

||||||||৯|১০|১১|১২|১৩|১৪|১৫|১৬|১৭|১৮
 (স্বামী জগদীশ্বরানন্দ)*
 
শ্রীভগবান্‌ বলিলেন -
হে অর্জুন, তোমার দোষদৃষ্টি নাই; সেই জন্য অতিগুহ্য অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব । তাহা লাভ করিলে তুমি সংসারবন্ধন হইতে সদ্যোমুক্ত হইবে । ১

এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ । উহা উত্তম, পবিত্র, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহজসাধ্য ও অক্ষয়ফলযুক্ত । ২

হে অর্জুন, ব্রহ্মজ্ঞানসাধক এই ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া মৃত্যুময় সংসারপথে পুনঃপুনঃ যাতায়াত করে । ৩

আমি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্তমূর্তি; আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত । ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত; কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছিন্ন অসংসর্গী বলিয়া তৎসমুদয়ে আধেয়ভাবে অবস্থিত নহি । ৪

আমার ঈশ্বরীয় যোগ দর্শন কর । বস্তুতঃ ব্রহ্মাদিস্তম্ভপর্যন্ত ভূতগণ সর্বসঙ্গবর্জিত আমাতে পারমার্থিকভাবে অবস্থিত নহে; অসংসর্গীত্ব নিবন্ধন আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়াও তাহাদের ধারক ও জনক । ৫

সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেরূপ আকাশে অসঙ্গভাবে অবস্থান করে, সেইরূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্বরূপে ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত জানিও । ৬

হে কৌন্তেয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয় । আবার সৃষ্টিকালে আমি তাহাদিগকে সৃষ্টি করি । ৭

স্বীয় অবিদ্যারূপ মায়াকে বশীভূত করিয়া প্রকৃতিপরতন্ত্র এবং জন্মমৃত্যু-অধীন ভূতগণকে আমি পুনঃপুনঃ সৃষ্টি করি । ৮

হে ধনঞ্জয়, আমি অনাসক্ত ও উদাসীন (উদাসীনবৎ, উদাসীন নয়) পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না । ৯

কারণ হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর ঈশ্বর সৃষ্টি করে । আমি সকলের স্রষ্ঠা, সত্তা, সাক্ষিরূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ বিবিধরূপে পরিবর্তিত হয় । ১০

আমি নিত্য-শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমার পরমাত্মতত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে । ১১

বৃথাশা বিফলকর্মা ও নিষ্ফলজ্ঞান অবিবেকিগণ স্বাত্মভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসী ও রাজসী মোহিনী (দেহাত্মবুদ্ধিকরী) প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে । ১২

কিন্তু হে পার্থ, মহাত্মাগণ শম, দম, দয়া ও শ্রদ্ধাদিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন । ১৩

ব্রহ্মচর্যাদিব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তিপূর্বক নমস্কারাদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন । ১৪

অন্য কেহ কেহ ভগবদ্বিষয়ক জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন। যথা - কেহ বা ব্রহ্মাত্মৈকত্বরূপ পরমার্থ দর্শন দ্বারা, কেহ কেহ বা পৃথক পৃথক ভাবে ভগবানই চন্দ্রাদিত্যাদিরূপে অবস্থিত জানিয়া, কেহ কেহ বা আমাকে বিশ্বমূর্তি ভগবান্‌ ভাবিয়া - বহু প্রকারে উপাসনা করেন । ১৫ 

আমি অগ্নিষ্টোমাদি শ্রৌত যজ্ঞ, আমি পঞ্চস্মার্ত যজ্ঞ, আমি পিত্রর্থ শ্রাদ্ধাদি, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমাগ্নি এবং আমিই হোমক্রিয়া । ১৬

আমিই এই জগতের পিতা, মাতা ও সর্ব প্রাণীর কর্মফলদাতা, পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও পরিশুদ্ধিকর বস্তু। আমিই ওঙ্কার এবং আমিই ঋগ্‌বেদ, সামবেদ ও যজুর্বেদস্বরূপ । ১৭

আমিই প্রাণীর পরাগতি ও পরিপালক । আমিই প্রভু ও সকল প্রাণীর বাসস্থান ও তাহাদের কৃতাকৃতের সাক্ষী । আমিই রক্ষক ও প্রত্যুপকারনিরপেক্ষ হিতকারী । আমিই স্রষ্ঠা ও সংহর্তা । আমিই আধার ও প্রলয়স্থান এবং আমিই জগতের অক্ষয় কারণ । ১৮

সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ ও বর্ষণ করি । আমি অমরগণের অমৃত ও মর্ত্যগণের মৃত্যু এবং আমি স্থূল ও সূক্ষ বস্তু । ১৯

ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞাবশিষ্ট সোমরসপানে পাপমুক্ত হন এবং স্বর্গকামনা করেন । তাঁহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করিয়া অপ্রাকৃত দেবভোগ উপভোগ করেন । ২০

তাঁহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মর্ত্যলোকে ফিরিয়া আসেন । এইরূপে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন । ২১

আমাকেই (শ্রীভগবান্‌কেই) আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন, সেই নিত্য-সমাহিত মুমুক্ষুগণের যোগ ও ক্ষেম আমি বহন করি । ২২ 

[যেহেতু অন্যান্য দেবতারূপে ভগবান্‌ই স্বয়ং অবস্থিত, সেইজন্য অন্য দেবতার উপাসনাও ভগবানেরই উপাসনা । বিভিন্ন ইষ্টদেবতার মধ্যে অভিন্ন ঈশ্বরই সম্পূর্ণরূপে বিরাজিত । এইজন্য - ]

হে কৌন্তেয়, যাঁহারা আস্তিক্যবুদ্ধিতে দৃঢ়প্রতিষ্ঠ হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন, তাঁহারাও অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন । ২৩

দেবতাগণের আত্মরূপে আমি সকল শ্রৌত ও স্মার্ত যজ্ঞের ভোক্তা ও ফলদাতা; কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপতঃ জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রত্যাবর্তন করেন । ২৪ 

দেবোপাসকগণ ইন্দ্রাদি দেবগণকে প্রাপ্ত হন, শ্রাদ্ধাদিনিষ্ঠ পিতৃভক্তগণ অগ্নিষ্বাত্ত ও অর্যমাদি পিতৃগণকে প্রাপ্ত হন, ভূতোপাসকগণ বিনায়ক ও চতুর্ভগিন্যাদি ভূতগণকে লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন । ২৫

যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তাঁহার সেই ভক্তিপূত উপহার প্রীতির সহিত গ্রহণ করি । ২৬

অতএব হে কৌন্তেয়, যাহা অনুষ্ঠান কর, যাহা আহার কর, যাহা হোম কর, যাহা দান কর এবং যে তপস্যা কর, সেই সমস্ত আমাকে সমর্পণ করিবে । ২৭

এইরূপে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে । আমাতে শুভাশুভ কর্ম-সমর্পণরূপ সন্ন্যাসযোগে যুক্ত হইয়া জীবিতকালেই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাকেই প্রাপ্ত হইবে । ইহার অর্থ, পুনরায় আর দেহধারণ করিতে হইবে না । ২৮

আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় ও অপ্রিয় নাই, কিন্তু যাঁহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তাঁহারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাঁহাদের হৃদয়ে বাস করি । ২৯

[অগ্নি তৎসমীপে আগমনকারীদিগের শীত অপনয়ন করেন, কিন্তু অগ্নি হইতে দূরে থাকিলে শীত নিবারিত হয় না । এই জন্য অগ্নির যে রাগদ্বেষ আছে, তাহা নহে । ভগবান্‌ও সেইরূপ ভক্তকে অনুগৃহীত করেন, অভক্তকে করেন না বলিয়া তাঁহার রাগদ্বেষ আছে বলা যায় না । ভগবদ্‌ভক্তির মাহাত্ম্য শ্রবণ কর -]

অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন, তাঁহাকে সাধু বলিয়া মনে করিবে, কারণ তাঁহার সঙ্কল্প অতি শুভ । ৩০

উনি শীঘ্র ধার্মিক হন ও চির শান্তিলাভ করেন । হে কৌন্তেয়, আমার ভক্ত কখনও বিনষ্ট হন না, ইহা নিশ্চিত জানিও এবং সানন্দে জগতে প্রচার কর । ৩১

হে পার্থ, নিকৃষ্টজন্মা ব্যক্তিগণ (অন্ত্যজ) এবং স্ত্রী, বৈশ্য ও শুদ্রগণও আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে । ৩২

পুণ্যজন্মা ব্রাহ্মণ (পুণ্যাঃ ব্রাহ্মণাঃ)*, ভক্ত এবং ক্ষত্রিয়গণের (তথা ভক্তাঃ রাজর্ষয়ঃ)* আর কথা কি ? তাঁহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরা গতি (পরম মুক্তি) লাভ করিবেন । অতএব, যখন অনিত্য সুখহীন মর্ত্যলোকে মনুষ্যদেহ ধারণ করিয়াছ, তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা কর । ৩৩
[অনুবাদান্তরে পুণ্যাঃ ব্রাহ্মণাঃ = পবিত্র/পুণ্যব্রত বা সুকৃতিশালী/সদাচারী ব্রাহ্মণগণ]

তুমি মদ্গতচিত্ত হও; আমার ভজনশীল ও পূজনশীল হও । কায়মনোবাক্যে আমাকে প্রণাম কর । এইরূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে । ৩৪

ভগবান্‌ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে রাজবিদ্যারাজগুহ্যযোগনামক নবম অধ্যায় সমাপ্ত ।
_________________________________________


১) দোষদৃষ্টি = গুণে দোষাবিষ্কার

সদ্যোমুক্ত : অষ্টম অধ্যায়ে সুষুম্না-নাড়ীদ্বারে সগুণ ব্রহ্মের ধ্যান এবং তাহার ফল (ক্রমমুক্তি) বলা হইয়াছে । এখানে সম্যক্‌ জ্ঞান দ্বারা সদ্যোমুক্তি = সাক্ষান্মোক্ষ বলিতেছেন । মূলের 'তু' শব্দ দ্বারা ধ্যান হইতে জ্ঞানের এই বৈলক্ষণ্য সূচিত হইতেছে । জপধ্যান করিলে সুষুম্নাদ্বার খুলিয়া যায় বা সুষুম্না-নাড়ীতে প্রাণবায়ু প্রবেশ করে ।

২) পবিত্র, ধর্মসঙ্গত ব্রহ্মবিদ্যা :  পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যা দ্বারা অক্ষর ব্রহ্ম অধিগত হন । - [মুণ্ডক উপনিষদ, ১|১|৫] । ইহার দ্বারা অনেক জন্মসঞ্চিত, ধর্মাধর্মাদি সমূলকর্ম ক্ষণমাত্রে ধ্বংস হয় । ইহা অনেক জন্মে পুণ্যসাধ্য বলিয়া অধর্মসংশ্লিষ্ট নহে ।
 
৯) আমার মতো কর্তৃত্বাভিমানহীন ও ফলাসক্তিশূন্য হইলে অন্যেও কর্মদ্বারা আবদ্ধ হন না ।

১০) যিনি এই বিশ্বপ্রপঞ্চের অধ্যক্ষ, তিনি পরমাকাশে বিরাজমান ।

সৃষ্টিরহস্য অনির্বচনীয় । পরমার্থতঃ সৃষ্টি, স্থিতি বা প্রলয় মিথ্যা । এই সৃষ্টিতত্ত্ব পরমার্থরূপে কে বুঝে ? কেই বা সংসারে সৃষ্টিতত্ত্ব উপদেশ করিল ? এই জগৎ কোথা হইতে আসিল ? কেনই বা ইহার সৃষ্টি হইল ?

১৪) কীর্তন = ভগবানের গুণগান, বেদান্তাদিশ্রবণ ও পূজা-জপ ইত্যাদি
  
১৫) ভক্তগণ বহুবিধ উপাসনা করিলেও একই ভগবানের উপাসনা করা হয় । কারণ, ভগবান্‌ সর্বাত্মক ।

২১) ভোগ দ্বারা পাপের ফল দুঃখ ও পুণ্যের ফল সুখ ক্ষয় হয় ।

২২) সাধারণতঃ সাধকগণ স্ব স্ব যোগক্ষেমের জন্য নিজেরাই চেষ্টা করেন; কিন্তু সর্বত্যাগীগণ ভগবান্‌ ভিন্ন অন্য কিছুই দেখিতে পান না । এইজন্য ভগবান্‌ স্বয়ং তাঁহাদের যোগক্ষেম বহন করেন । এই সকল পরমার্থদর্শী যোগ বা ক্ষেম, জীবন বা মরণ কিছুই আকাঙ্ক্ষা করেন না ।

যোগক্ষেম = মুক্তি [শ্রীধরস্বামী], শ্রেয় [কঠোপনিষদ, ১|২|২], নির্বাণ [বৌদ্ধশাস্ত্র] । 
'সেইসকল সতত চেষ্টাশীল এবং নিত্য দৃঢ়পরাক্রম ধ্যানিগণ পরম শান্তিরূপ নির্বাণ লাভ করেন ।' - [ধম্মপদ, অপ্পমাদো বগ্‌গো, ৩]
বৌদ্ধ নির্বাণ ও বৈদিক মুক্তি একার্থবাচক । মুক্তিই মুমুক্ষুর একমাত্র কাম্য ও প্রয়োজনীয় ।

২৩) ভগবান্‌ই যে অন্যান্য দেবতার মূর্তি ধারণ করিয়াছেন, তাহা অন্য দেবতার উপাসকগণ জানেন না । এই জন্য অন্যান্য দেবতার উপাসনাও অজ্ঞানপূর্বক পরমেশ্বরেরই উপাসনা ।

২৪) কারণ আমিই সকল যজ্ঞের ভোক্তা ও ফলদাতা ইহা না জানিয়া যজ্ঞাদি অনুষ্ঠান করায় যজ্ঞাদির ফল আমাতে অর্পিত হয় না । এইজন্য কর্মফলবশে তাঁহারা সংসারে ফিরিয়া আসেন । অন্য দেবতার উপাসকগণের কর্মফল অবশ্যম্ভাবী । 
 
২৫) কৃষ্ণপ্রণামী ন পুনর্ভবায় = কৃষ্ণপ্রণামী ব্যক্তির পুনর্জন্ম হয় না । - [নারদপুরাণ]

২৯) তাঁহারা মদাকারে আকারিত চিত্তবৃত্তিবিশিষ্ট হইয়া আমার অনুগ্রহভাজন হন এবং আমিও তাঁহাদের হৃদয়ে আবির্ভূত হইয়া তাঁহাদের অনুগ্রাহক হই ।
 
৩০) সাধু = সম্যগ্‌ বৃত্ত, ভগবদ্‌ভক্ত, সৎসংকল্প
 
৩১) তুমি যাহাকে রক্ষা কর কেহ তাহাকে বিনাশ বা পরাভব করিতে পারে না । পাপ দূর বা নিকট হইতে তাহাকে স্পর্শ করিতে পারে না । - [ঋগ্বেদ, ৩|৫৯|২]

৩২) স্ত্রী ও শূদ্র বেদাধ্যয়নবিহীন; বৈশ্য কেবল কৃষ্যাদিরত । - [শ্রীধরস্বামী] 

জাতি, কুল, লিঙ্গ নির্বিশেষে গীতার বাণী সকলের জন্য মুক্ত । যে সামাজিক প্রথার জন্য স্ত্রীলোক ও শূদ্রেরা বেদাধ্যায়নের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, এই শ্লোককে তার সমর্থক বলে ধরা ঠিক নয় । গীতা রচনার সময় যে প্রথা প্রচলিত ছিল এখানে তার উল্লেখমাত্র করা হয়েছে । গীতা এই সব সামাজিক বিধিকে অনুমোদন করে না । গীতা যে আধ্যাত্মিক আদর্শের উপর জোর দিয়েছে তাতেই সে জাতিবৈষম্যকে অতিক্রম করেছে । - [ডাঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন]

"আমার নিকটে নাহি জাতি কুল মান । স্ত্রী, পুরুষ, বৈশ্য, শূদ্র সকলে সমান ।।
শরণ যে লয় মোর ভক্তি সহকারে । আমি পার্থ ! পরাগতি বিতরি তাহারে ।।
নাহি থাক্‌ অধিকার শাস্ত্র অধ্যয়নে । হক্‌ জাতি-দোষে দুষ্ট সমাজ-নয়নে ।।
ম্লেচ্ছ বলি বিশ্ববাসী ঘৃণা যারে করে । ভক্ত হলে আমি তারে রাখি বক্ষোপরে ।।" - [শ্রী কালিধন বন্দ্যোপাধ্যায়ের ভাবানুবাদ]

*৩৩) গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষ এই শ্লোকটির ভিন্ন অনুবাদ করিয়াছেন :-
পুণ্যাঃ ব্রাহ্মণাঃ (পবিত্র ব্রাহ্মণগণ) তথা (এবং) ভক্তাঃ রাজর্ষয়ঃ (ভক্ত রাজর্ষিগণ) পরম গতি লাভ করিবেন তাহার আর কথা কি ?

পণ্ডিত পঞ্চানন ভট্টাচার্যের অনুবাদ :-
সুকৃতিশালী ব্রাহ্মণগণ ও ভক্ত রাজর্ষিগণ যে পরমগতি লাভ করিবেন, ইহাতে আর কথা কি ?

পুণ্যাঃ ব্রাহ্মণাঃ = "পুণ্যব্রত ব্রাহ্মণ" - [ডাঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন]; "সদাচার বিপ্র" - [শ্রী কালিধন বন্দ্যোপাধ্যায়]

এখানে উল্লেখযোগ্য "পবিত্র বা পুণ্যব্রত বা সুকৃতিশালী বা সদাচারী ব্রাহ্মণ" বলিতে গুণগত ব্রাহ্মণই বোঝায় কিন্তু স্বামী জগদীশ্বরানন্দের অনুবাদে "পুণ্যজন্মা ব্রাহ্মণ" বলিতে জাতিগত ব্রাহ্মণ বুঝাইতেছে । গীতায় গুণানুসারে বর্ণভেদ আছে, জন্মগত জাতিভেদ তো নাই । অতএব শ্রী জগদীশচন্দ্র প্রদত্ত অনুবাদটিই অধিকতর সমীচীন মনে হয় ।
_________________________________________

*Hard Copy Source:
"Srimadbhagabadgeeta" translated by Swami Jagadeeshwarananda, edited by Swami Jagadananda. 27th Reprint - January, 1997 (1st Edition - 1941), © President, Sriramkrishna Math, Belur. Published by Swami Satyabrotananda, Udbodhan Office, 1 Udbodhan Lane, Bagbazar, Kolkata-700003. Printed by Rama Art Press, 6/30 Dum Dum Road, Kolkata-700030.

Hard Copy References:
1)"Srimadvagabadgeeta" (28th Edition, 1928) compiled by Pandit Panchanan Bhattacharya, published by Sri Bodhisatya Bhattacharya from Aryya Mission Institution, Kolkata, Printed by Sri Bishnucharan Seth, Seth & Co., Printing House, 82, Balaram Dey Street, Kolkata.

2)"Srimadvagabadgeeta" (1st Edition, 1913) compiled & translated by Sri Kalidhan Bandyopadhyay, published by Sri Kalidas Mitra, 153# Amherst Street, Kolkata. Printed by K.D.Mitter & Co. at the Herald Printing Works, 153# Amherst Street.
 

3)"Srimadvagabadgeeta" by Dr. Sarvepalli Radhakrishnan, First Edition, 1971. Published by Mitra & Ghosh, 10 Shyamacharan Dey Street, Kolkata-12.
 

Sanskrit Source
English Translation

Disclaimer: This site is not officially related to Ramakrishna Mission & Math. এটি এক অর্বাচীন ভক্তের প্রয়াস মাত্র 
[Digitised by scanning (if required) and then by typing mostly in Notepad using Unicode Bengali "Siyam Rupali" font and Avro Phonetic Keyboard for transliteration. Uploaded by rk